দেশের অন্যতম বৃহৎ মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাবের ২৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) ঢাকার মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেডিসিন ক্লাবের এ সম্মেলনে অংশ নেন দেশের ৩৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রতিনিধিরা। সংগঠনটি বিগত ৪৪ বছর ধরে স্বেচ্ছায় রক্তদান, টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি, অসহায় রোগীদের সহায়তা ও স্বাস্থ্য খাতে তরুণ নেতৃত্ব তৈরির মাধ্যমে কাজ করে আসছে।
দিনব্যাপী সম্মেলনের মধ্যে ছিল বর্ণাঢ্য উদ্বোধনী র্যালি, বেলুন ওড়ানো, বার্ষিক কার্যক্রম উপস্থাপনা, সচেতনতামূলক আলোচনা সভা, নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কৃতজ্ঞতা সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘রক্তের বন্ধনে বাঁধা শত প্রাণ, প্রজ্ঞার সাধনে হোক মানবতার জয় গান’। এ প্রতিপাদ্যই মেডিসিন ক্লাবের মানবিক ও সামাজিক অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান (দিপু), মেডিসিন ক্লাবের উপদেষ্টা ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নান, উপদেষ্টা ডা. নাঈমুল হাকিম রুমি, ডা. গুলজার হোসেন উজ্জ্বল এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট, মেডিকেল শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিট প্রেসিডেন্ট ডা. ফুয়াদ হাসান ও জেনারেল সেক্রেটারি ডা. রায়হান নাজির আন্ত। অতিথিরা তাদের বক্তব্যে তরুণ চিকিৎসকদের মানবিকতা, নেতৃত্ব ও সমাজের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেন। বক্তারা বলেন, এ সম্মেলন শুধুমাত্র একটি বার্ষিক মিলনমেলা নয়, এটি চিকিৎসা পেশা ঘিরে সমাজের প্রতি এক গভীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
সম্মেলনের শেষাংশে অতিথি শিল্পী ও মেডিকেল শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মাঝে উচ্ছ্বাস ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়। —বিজ্ঞপ্তি










