সারা বিশ্বে ওজন কমানোর ওষুধের চাহিদা বাড়ছে। সে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বিনিয়োগ বাড়াচ্ছে ওষুধ কোম্পানিগুলো। এক্ষেত্রে পিছিয়ে নেই স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবাদাতারাও। জিএলপি-ওয়ানএস নামে পরিচিত ওজন কমানোর ওষুধের চাহিদাকে পুঁজি করে এ ধরনের কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ করছে। খবর সিএনবিসি।
স্থূলত্বের চিকিৎসা সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে উদীয়মান ব্যবসায় পরিণত হয়েছে। এ ধরনের ওষুধ গ্রহণ করছে এমন রোগীদের কেন্দ্র করে বিশেষ প্রোগ্রাম ও পরিষেবা তৈরি করছে ডিজিটাল কোম্পানিগুলো।
ওয়েগোভি, ওজেম্পিক, জেপবাউন্ড ও মৌনজারোর মতো জিএলপি-ওয়ানএস ক্লাসের ওষুধ মানুষের অন্ত্রের হরমোন অনুকরণ করে। এটি ক্ষুধা দমনের পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে এসব ওষুধ মাল্টিবিলিয়ন ডলারের বাজারে পরিণত হয়েছে।
জিএলপি-ওয়ানএস ওষুধভিত্তিক অন্যতম ডিজিটাল স্বাস্থ্য কোম্পানি রো। কোম্পানিটি ২০১৭ সালে রোমান নামে প্রতিষ্ঠিত হয়েছিল। জিএলপি-ওয়ানএস ড্রাগের প্রতি রোগীদের আগ্রহ বাড়ার পরিপ্রেক্ষিতে রো ২০২০ সালে ওজন কমানোর প্রোগ্রাম চালু করেছে। বর্তমানে অনলাইন মেডিকেল ভিজিটের পাশাপাশি হেলথ কোচিং, স্বাস্থ্য বীমাবিষয়ক পরামর্শ সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। খাতটি লাভজনক হওয়ায় প্রচারণায়ও ব্যাপক অর্থ বিনিয়োগ করেছে রো।
জিএলপি-ওয়ানএস ড্রাগের ইতিবাচক প্রভাব সম্পর্কে রোর প্রতিষ্ঠাতা জাকারিয়া রেইটানো জানান, এ ধরনের ওষুধ গ্রহণকালে রোগীরা বেশি ব্যায়াম করে, স্বাস্থ্যকর খাবার খায় এবং তাদের ক্যালরি গ্রহণের পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমে আসে। এছাড়া শারীরিক উন্নতি দেখা দিতে শুরু করলে ওষুধ গ্রহণকারীরা ইতিবাচক একটি চক্রে প্রবেশ করে।
ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি ও এমঅ্যান্ডএ ডাটাবেজ সংস্থা পিচবুকের মতে, রো এখন পর্যন্ত প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। ২০২২ সালের শুরুর দিকে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছিল প্রায় ৭০০ কোটি ডলারে।
রোর মতো ওষুধ তৈরি করে না এমন আরো অনেক কোম্পানি জিএলপি-ওয়ানএস ওষুধ সম্পর্কিত পরিষেবা সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে ক্যালিব্রেট, তিল, ওমাদা হেলথ, নুম ও হিমস অ্যান্ড হারস। এদিকে টেলাডক হেলথ ও ওয়েটওয়াচার্সের মতো অভিজ্ঞ ও বড় কোম্পানিগুলোও জিএলপি-ওয়ানএস ওষুধ গ্রহণকারী রোগীদের জন্য নানা ধরনের প্রোগ্রাম অফার শুরু করেছে।
যুক্তরাষ্ট্রে ওজন কমানোর শিল্পে অভিজ্ঞ ওয়েটওয়াচার্স গত ডিসেম্বরে জিএলপি-ওয়ানএস ওষুধভিত্তিক নতুন প্রোগ্রাম চালু করেছে। এর মধ্যে অনলাইন ক্লিনিক সেবাও অন্তর্ভুক্ত রয়েছে। ওয়েটওয়াচার্সের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গ্যারি ফস্টার বলেন, ‘ওজন কমানোর এ শিল্পে ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। আমাদের হাতে ওজন কমানোর জন্য আরো অনেক ধরনের উপায় রয়েছে। তবে সরবরাহ ঘাটতি ও বীমা কভারেজের সমস্যা প্রতিবন্ধকতা তৈরি করছে।’
যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান সম্প্রতি ব্যয়বহুল চিকিৎসার কভারেজ বন্ধ করে দিয়েছে। ফেডারেল স্বাস্থ্য বীমা প্রোগ্রাম মেডিকেয়ারও শুধু ওজন কমানোর জন্য অর্থ দিচ্ছে না। এ কারণে জিএলপি-ওয়ানএস ওষুধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রোগীদের সামর্থ্য বাড়ানোর জন্য সঞ্চয়ী বিভিন্ন প্রোগ্রাম চালু করছে। তবে রোগীদের এখনো এ চিকিৎসায় উচ্চ ব্যয়ের মুখে পড়তে হবে বলে মনে করছে বিশ্লেষকরা।










