দেশের শিল্প সুরক্ষায় গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে পুরোপুরি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ খাতের শিল্প কারখানা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবে। এসব পণ্য আমদানিতে ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।
বুধবার (৭ মে) এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর বলেছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
এতে বলা হয়, গ্লাস তৈরির উপাদান ডোলামাইট, লাইমস্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রোস, বেইস পেইন্ট, টপ পেইন্ট বেক পেইন্ট ও সিলিকন রিং এ থাকা সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
তবে সম্পূরক শুল্ক প্রত্যাহারে বেশ কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সুবিধা পেতে স্থানীয় গ্লাস উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান হতে হবে এবং আমদানিকারকদের ইন্ড্রাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার হতে হবে।
অব্যাহতির মেয়াদ পাঁচ বছর করার বিষয়ে এনবিআর জানিয়েছে, নতুন কর ব্যয় নীতিমালা অনুযায়ী কোনো শিল্পকে সুবিধা দিলে একবারেই দিতে হবে। বছর বছর সময় বাড়ান যাবে না এবং সময়টা এমনভাবে দেয়া যাতে এর মধ্যেই ওই শিল্প উন্নতি করতে পারে।










