যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এর লাগাম টানতে কয়েক দফায় সুদহার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিভার্জ। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও মানিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসায়ীরা। চলতি বছরের মে মাস নাগাদ তাদের আত্মবিশ্বাস ও শ্রমিক নিয়োগের পরিকল্পনা বেড়েছে। সম্প্রতি দেশটির ন্যাশনাল ফেডারেশন অব ইনডিপেনডেন্ট বিজনেসের (এনএফআইবি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
এনএফআইবি বলছে, গত মাসে স্মল বিজনেস অপটিমিজম (ক্ষুদ্র ব্যবসায় আশাবাদ) সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৯০ দশমিক ৫ পয়েন্টে উন্নীত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো স্মল বিজনেস অপটিমিজম সূচক ঊর্ধ্বমুখী হলো। গত মার্চে এ সূচক ২০১২ সালের পর সবচেয়ে নিচে নেমে গিয়েছিল। সম্প্রতি সূচকে উন্নতি হলেও তা টানা ২৯ মাস ধরে বিগত ৫০ বছরের গড় ৯৮ পয়েন্টের নিচে অবস্থান করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনিশ্চয়তাও চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়েও পৌঁছেছে। সে মাসে এনএফআইবি অনিশ্চয়তা সূচক ৯ পয়েন্ট বেড়ে ৮৫ বেড়ে ৮৫ পয়েন্টে উন্নীত হয়েছে, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। ওই মাসেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
দেশটির ২২ শতাংশ দোকান মালিক জানিয়েছেন, গত এপ্রিল থেকে ব্যবসা পরিচালনায় মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাধা তৈরি করছে। এ কারণে পণ্যের দাম বাড়িয়ে দেয়া ব্যবসার সংখ্যাও ২ শতাংশ বেড়ে ২৮ শতাংশে উন্নীত হয়েছে। এ সময়ের মধ্যে গড় বিক্রয়মূল্য বাড়িয়ে দিয়েছেন, এমন বিক্রেতার সংখ্যা ২৫ শতাংশ।
জরিপের তথ্য বলছে, বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানের কর্মীদের মজুরি বাড়ানো বন্ধ করে দিতে পারেন। কর্মীদের অন্যান্য ভাতা (কমপেনসেশন) বৃদ্ধি করা ব্যবসায়ীর সংখ্যা এক পয়েন্ট কমে ৩৭ শতাংশে নেমে এসেছে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে কনপেনসেশন বাড়াতে চাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৩ পয়েন্ট কমে ১৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২১-এর মার্চের পর সর্বনিম্ন।
এনএফআইবির প্রধান অর্থনীতিবিদ বিল ডানকেলবার্গ বলেন, ‘টানা ২৯ মাস ধরে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে কম আশাবাদ পোষণ করছেন। ভবিষ্যৎ ব্যবসায়িক পরিস্থিতি নিয়েও তাদের ধারণা ৫০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ।’










