গ্রাহকদের জন্য অনলাইন পেমেন্ট আরো সহজ করতে সিটি ব্যাংক ও ফুডপান্ডা বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ব্যবহারকারীরা ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে সরাসরি ও সহজে পেমেন্ট করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, ফুডপান্ডার পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে সিটি ব্যাংক। এতে অ্যামেক্স কার্ডধারীরা দ্রুত পেমেন্টের সুবিধা পাওয়ার পাশাপাশি পাবেন বিভিন্ন ডিল ও অফার। সিটি ব্যাংকের গুলশান-১ শাখায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার এবং ফুডপান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংক কার্ডস বিভাগের প্রধান তৌহিদুল আলম, ফুডপান্ডার এন্টারপ্রাইজ হেড জহির রায়হান, অ্যাডস অ্যান্ড পার্টনারশিপ প্রধান আদনান ফারুকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর শেষে সিটি ব্যাংকের অরূপ হায়দার বলেন, ফুডপান্ডার সঙ্গে এই অংশীদারিত্ব দেশের ক্যাশলেস ও ডিজিটাল ইকোনমি গঠনে ভূমিকা রাখবে। নিয়মিত খাদ্য সরবরাহ প্ল্যাটফর্মে গ্রাহকদের কার্ড পেমেন্টে উৎসাহিত করতেই আমাদের এ উদ্যোগ।
ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী বলেন, ব্রাউজিং থেকে চেকআউট পর্যন্ত গ্রাহক অভিজ্ঞতা উন্নত করাই আমাদের লক্ষ্য। সিটি ব্যাংকের এই সহযোগিতায় আমরা আরো শক্তিশালী পেমেন্ট অবকাঠামো গড়ে তুলছি।
এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অ্যামেক্স কার্ডধারীরা পাবেন অতিরিক্ত মূল্যছাড় ও সুবিধা। দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরো উন্নত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
—বিজ্ঞপ্তি










