দেশের রাজনীতিতে আলোচনা না করে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার নতুন সংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করছেন বর্ষীয়ান অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান। এভাবে গণতন্ত্র কার্যকর করা যাবে না বলেও মনে করছেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) অষ্টম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের প্যানেল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী সানেমের সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নিয়েছেন দেশের অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ড. রেহমান সোবহান বলেন, দাবি আদায় করতে লোক জড়ো করা এবং ভায়োলেন্স এখন রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি এখনো ‘মানি পাওয়ার’-এর কাছে বন্দি হয়ে আছে। সংসদ থেকে ইউনিয়ন পর্যন্ত এটা হয়েছে। আওয়ামী লীগ চলে গেলেও সে টাকার প্রভাবের শূন্যতা এখন পূরণ হয়ে যাচ্ছে। নিষিদ্ধ করেন আর না করেন গ্রামে গ্রামে বিএনপি ও আওয়ামী লীগ কর্মী আছে। এটিই বাস্তবতা।

অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংস্কার এখন কিছু হবে, কিছু পরে হবে এমন নয়। বরং একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই সংস্কার হতে হবে। তবে এসব সুপারিশ কীভাবে বাস্তবায়ন হবে সে প্রশ্ন রয়ে গেছে।