রোববার বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের প্রশিক্ষণ হলে আয়োজিত এ কর্মসূচিতে সিএসই ঢাকার ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভরা অংশ নেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন সিএসইর কমপ্লায়েন্স, ইনস্পেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, দেওয়ান জাহিদুল ইসলাম ও মো. রবিউল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি সার্ভিসেস বিভাগের প্রধান হাসনাইন বারি এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

প্রশিক্ষণে সিকিউরিটিজ আইনের সাম্প্রতিক পরিবর্তন, বিধিবিধানের সঠিক প্রয়োগ, কমপ্লায়েন্স রিপোর্ট প্রস্তুতের পদ্ধতি এবং রিপোর্ট তৈরির ক্ষেত্রে সাধারণ ভুল ও তা এড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের নিয়মিত আইনগত পরিবর্তনের সঙ্গে হালনাগাদ থাকার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন প্রশিক্ষকরা।

উদ্বোধনী বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, ‘দেশের পুঁজিবাজার বর্তমানে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের বিকল্প নেই। দক্ষতা ছাড়া পুঁজিবাজারসংশ্লিষ্ট আইন ও বিধিমালার কার্যকর প্রয়োগ সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘একটি শক্তিশালী ও স্বচ্ছ নিয়ন্ত্রণ কাঠামো বিনিয়োগকারীদের আস্থা অর্জনের অন্যতম পূর্বশর্ত। যে প্রতিষ্ঠান কমপ্লায়েন্স সংস্কৃতিতে যত বেশি দক্ষ, সেটি তত বেশি স্বচ্ছ, পেশাদার ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।’