সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের নিম্নমুখিতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে ১৯ দশমিক ৭ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯০৪ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯৫৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৭০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৯৭ পয়েন্ট।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, বীকন ফার্মা ও রবি আজিয়াটার শেয়ারের। 

গতকাল ডিএসইতে মোট ৯৯৯ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৪৪ কোটি টাকা। আগের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল যথাক্রমে ১ হাজার ১৫ কোটি, ১ হাজার ১৪৩ কোটি, ২ হাজার ১০ কোটি, ১ হাজার ৬০৬ কোটি ও ৭৭৬ কোটি টাকা।

 গতকাল ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৭৫টির আর অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর। 

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৯ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ২ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাত। আর ১১ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া টেলিযোগাযোগ খাতে ১০ দশমিক ৬ ও বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ৯ দশমিক ৭ শতাংশ।

গতকাল ডিএসইতে সেবা, সিমেন্ট, প্রকৌশল ও ওষুধ খাতে ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে জীবন বীমা, পাট, ব্যাংক ও কাগজ খাতে এসেছে নেতিবাচক রিটার্ন। 

দেশের আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬৬ পয়েন্ট কমে ১০ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৩২৫ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১১১ পয়েন্ট কমে ১৭ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৭ হাজার ১৪২ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৮০টির আর অপরিবর্তিত ছিল ১২টির বাজারদর। 

গতকাল সিএসইতে ১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ কোটি টাকা।