আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মেসবাহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের পরিচালনা পর্ষদের সুপারিশ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মেসবাহ উদ্দিন আহমেদ আইডিএলসি ফাইন্যান্স পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং হেড অব রিটেইল বিজনেস হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্থিক খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ তাকে নতুন দায়িত্ব পালনে আরো সক্ষম করে তুলবে।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন বলেন, আমরা মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্ব এবং দূরদর্শিতার ওপর পূর্ণ আস্থা রাখি। তার দক্ষতায় আইডিএলসি ইনভেস্টমেন্টস আরো সাফল্যের শিখরে পৌঁছাবে এবং আর্থিক খাতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করবে। —বিজ্ঞপ্তি