মাছ চাষে পানির মান নিয়ন্ত্রণে দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি স্বয়ংক্রিয় যন্ত্র উদ্ভাবন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। আইইউবির ফ্যাব ল্যাবে তৈরি স্বয়ংক্রিয় যন্ত্রটি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষী ও গবেষকদের জন্য পানির মান পর্যবেক্ষণ, পরীক্ষা ও নিয়ন্ত্রণের কাজকে সহজতর করেছে। গবেষক দলের দীর্ঘদিনের পরীক্ষা-নিরীক্ষার পর গত ২৯ জানুয়ারি যন্ত্রটি ঢাকার শেকৃবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়।
প্রকল্পটির নেতৃত্বে ছিলেন আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ও ফ্যাব ল্যাবের পরিচালক ড. মাহাদী হাসান ও শেকৃবির অ্যাকোয়াকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. এম. সাহাবউদ্দিন। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আইইউবির সিএসই বিভাগের শিক্ষার্থী তাহফিজুল হাসান জিহান ও মো. হানা সুলতান চৌধুরী, একই বিভাগের খণ্ডকালীন শিক্ষক মো. সিরাজিম মুনীর দীপ এবং গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা মো. রুবাইদ মেহেদী।
যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে পানি থেকে সাতটি গুরুত্বপূর্ণ উপাদানের মান পরীক্ষা করতে পারে। যেমন— অক্সিজেন, তাপমাত্রা, অম্লত্বের মাত্রা ইত্যাদি। যখনই কোনো মান স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হয়, তখনই এটি ব্যবহারকারীদের সতর্ক করে দেয়। এটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়ায় মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে তাৎক্ষণিকভাবে পানি সংক্রান্ত তথ্য দেখা যায়। এতে তথ্য নিরাপদে সংরক্ষিত থাকে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই এর তথ্য দেখতে ও পরিবর্তন করতে পারেন।
প্রফেসর ড. এ. এম. সাহাবউদ্দিন বলেন, একটি বিশেষ ধরনের ফিড ব্যবহার করে আমরা প্রথমবারের মতো মিঠাপানিতে কোরাল চাষ নিয়ে গবেষণা করছি। এই যন্ত্রটি ব্যবহার করে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারছি পানির মান পরিবর্তনের সঙ্গে মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের কী সম্পর্ক। পানির মান নিয়মিত পরীক্ষা করাও এখন অনেক সহজ হয়েছে। এখন আর আলাদা করে পরীক্ষাগারে দীর্ঘ সময় ও অর্থব্যয় হবে না।
কৃষি ও প্রযুক্তির মেলবন্ধন ঘটানো এই প্রযুক্তিটি কীভাবে মাছ চাষে ব্যবহারের জন্য আরো সহজলভ্য ও কার্যকর করা যায় তা নিয়েই এখন কাজ করছে ফ্যাব ল্যাব আইইউবি। এই উদ্ভাবন টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক অবদান রাখবে বলে মনে করেন ড. মাহাদী হাসান। তিনি বলেন, প্রকৌশল ও কৃষিখাত একসঙ্গে কাজ করার ফলেই এই উদ্ভাবন সম্ভব হয়েছে। আমরা আশা করছি, এটি মাছ চাষীদের কাজকে সহজ করবে। প্রকৌশলের সঙ্গে মাছ চাষের মেলবন্ধন ঘটাতে পারলে খাদ্য নিরাপত্তার জন্য রূপান্তরমূলক সমাধান উন্মোচন করা সম্ভব।
প্রসঙ্গত, ফ্যাব ল্যাব আইইউবি দেশের অন্যতম উদ্ভাবনী গবেষণা কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়, যাতে তারা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হয়ে ওঠে। গবেষকরা জানান, এই প্রযুক্তিকে আরো সহজলভ্য ও কার্যকর করার জন্য কাজ অব্যাহত রয়েছে। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। —বিজ্ঞপ্তি










