সর্বশেষ প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের রোবট বানিয়ে বৈশ্বিক বাজার দখলে রেখেছে চীন। সে আধিপত্য ভাঙতে মরিয়া এশিয়ার আরেক দেশ সিঙ্গাপুর। জাপান, ইউরোপ বা যুক্তরাষ্ট্রের মতো উন্নত অর্থনীতিকে লক্ষ্য করে রোবট নির্মাণে এগিয়ে এসেছে দেশটির স্টার্টআপগুলো। প্রাথমিকভাবে শ্রমিক সংকটের কারণে স্বয়ংক্রিয় রোবট প্রয়োজন, এমন কারখানাকে টার্গেট করছে এসব কোম্পানি। লায়ন্সবট, ইউরেকা রোবোটিকস ও হাই রোবোটিকসের মতো সিঙ্গাপুরের স্টার্টআপ বর্তমানে বিমানবন্দর, হাসপাতাল বা জাদুঘরের সংকীর্ণ জায়গা পরিষ্কার করতে পারে, এমন রোবট তৈরি করছে। মোবাইল অ্যাপস দিয়েই নিয়ন্ত্রণ করা যায় শক্তিশালী সেন্সরের এ রোবটকে। মূল্যও বেশ কম, ২৫-৯০ হাজার ডলারের মধ্যেই পাওয়া যায়। এছাড়া কারখানায় অপটিক্যাল লেন্স বা সুক্ষ্ম বৈদ্যুতিক যন্ত্রাংশের মতো ভঙ্গুর জিনিসপত্র উঠাতে সক্ষম রোবোটিক আর্ম পরিমার্জন করা হচ্ছে। তাদের সঙ্গে এ কাজে যুক্ত হয়েছে দেশটির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো। নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে ইউরেকা রোবোটিকসের সিইও ফ্যাম কুয়াং বলেন, ‘রোবোটিক আর্মে আমরা এআই ও চোখ জুড়ে দিচ্ছি। এসব যান্ত্রিক হাতের প্রধান শক্তিই হলো তাদের সফটওয়্যার ও এআই। থ্রিডি ক্যামেরা ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়ে তৈরি এসব রোবট বিশেষায়িত কাজে সক্ষম।’ স্টার্টআপ কোম্পানিকে এ খাতে বাজার ধরতে সহায়তা করছে সিঙ্গাপুর সরকার। মার্চে জাতীয় রোবোটিকস কর্মসূচিতে ৬ কোটি সিঙ্গাপুর ডলার বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়। এ কর্মসূচির আওতায় ২০১৬ সালের পর ৪০টিরও বেশি প্রকল্পে প্রায় ৪৫ কোটি সিঙ্গাপুর ডলার বিনিয়োগ করা হয়েছে।

 খবর ও ছবি নিক্কেই এশিয়া