কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টেকনাফ মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপের মারমেইড বিচ রিসোর্টে এ উৎসব আয়োজন করা হবে। এতে প্রদর্শিত হবে সৃজনশীল ও ঐতিহ্যবাহী খাবার, যা প্রস্তুত করবেন তারকা রাঁধুনি ইনারা জামাল।
এই উৎসবটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত বার্নিং ম্যান ফেস্টিভ্যালের আদলে সাজানো হবে। জাপানের খ্যাতনামা ফেস্টিভ্যাল আর্কিটেক্ট ও লাইটিং ডিজাইনার জিরো এনদো উৎসবের কিউরেটর হিসেবে উপস্থিত থাকবেন। ইনারা জামাল সামুদ্রিক মাছের ভিন্নধর্মী পদ ও ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারের অভিনব পরিবেশনা করবেন।
নিউইয়র্কের ইনস্টিটিউট অব কালিনারি এডুকেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইনারা খাবার তৈরিতে প্রাকৃতিক উপাদানের ওপর জোর দেন। তিনি বলেন, খাবার শুধু স্বাদের জন্য নয়, এটি সংস্কৃতি ও মানুষের সংযোগও তৈরি করে। এই উৎসবে বাংলাদেশী ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যের মিশেলে খাবার পরিবেশনের চেষ্টা করব।
মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, খাবারের স্বাদ, ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীলতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা এই উৎসবে দেশের সফল তরুণ রাঁধুনিদের যুক্ত করতে চাই। ইনারা জামাল তাদের অন্যতম। —বিজ্ঞপ্তি










