প্রাইম ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

এ সময় শেয়ারহোল্ডাররা ২০২৪ অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের পুনঃনিয়োগ, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং স্ট্যাটুটরি ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগসহ মোট ছয়টি সাধারণ এজেন্ডা পাস করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ডিজিটাল সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, অডিট কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় স্টক এক্সচেঞ্জ, স্ক্রটিনাইজারসহ নিরীক্ষকদের প্রতিনিধিরাও অনলাইনে সংযুক্ত ছিলেন। শুরুতে ব্যাংকের চেয়ারম্যান বিগত বছরের আর্থিক পারফরমেন্স ও ভবিষ্যতের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। প্রধান নির্বাহী কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে বক্তব্য প্রদান করেন।

সভাটি সরাসরি সম্প্রচার (লাইভ ট্রান্সমিশন) করা হয় ও পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব তানভীর এ সিদ্দিকী।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা তালিকাভুক্ত কোম্পানিগুলোই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি পায়। প্রাইম ব্যাংক সে যোগ্যতা অর্জন করায় এবারো ডিজিটাল মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।

—বিজ্ঞপ্তি