ফেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের হাত ধরে হাইসেন্স বাংলাদেশের স্থানীয় কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার দি ওয়েস্টিনে আয়োজিত এক জমকালো পার্টনার মিটে এই পার্টনারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অতিথি হিসেবে ছিলেন হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, হাইসেন্সের মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে আমরা গর্বিত। ফেয়ার ইলেকট্রনিক্স যে অত্যাধুনিক কারখানা গড়ে তুলেছে তা বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে আরো আকর্ষণীয় করে তুলবে।
হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং বাংলাদেশের বাজারের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশে বিশাল সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাজারের চাহিদা মেটাতে আমরা আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। ফেয়ার ইলেকট্রনিক্সের সহযোগিতায় আমরা দীর্ঘমেয়াদী পার্টনারশিপ গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী এবং বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
এ সময় ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় এক্সপোর্টহাব। হাইসেন্সের সঙ্গে এই পার্টনারশিপ কেবল স্থানীয় বাজারের চাহিদা মেটাবে না। বরং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে।
ফেয়ার ইলেকট্রনিক্সের অত্যাধুনিক কারখানায় হাইসেন্সের টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য এখন স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। অনুষ্ঠানে এসব পণ্য প্রদর্শন করা হয়।
হাইসেন্স বর্তমানে ১৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং বিশ্বজুড়ে টিভি ও রেফ্রিজারেটর বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি ৬৪টি আন্তর্জাতিক অফিসের মাধ্যমে বৈশ্বিক কার্যক্রম পরিচালনা করছে।
হাইসেন্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.hisense.com.bd -এই ওয়েবসাইটে। এক্সক্লুসিভ অফার ও আপডেটের জন্য সোশ্যাল মিডিয়া ভিজিট করা যেতে পারে। —বিজ্ঞপ্তি










