ঢাকাসহ ১৭টি জেলার সব গয়নার দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সংস্থাটি। গতকাল রোববার এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. মো. আব্দুর রউফ বণিক বার্তাকে বলেন, ‘ ইএফডি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা খাতভিত্তিক ইএফডি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে জুয়েলারি খাত নেয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য খাত নেয়া হবে। আমাদের দেশে ট্রেডিং স্টেজ ভ্যাট বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। আমরা এ সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করছি।’

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা করে এনবিআর। সেখানে সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে তারা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন করে সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার যুক্তিসংগত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে। এনবিআর থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়।

ওই সভায় এনবিআরের কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকার সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হবে।

জুয়েলার্স সমিতির সভাপতির কাছে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকার বাজার ও এলাকাভিত্তিক দোকানের তালিকা চেয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা একবারে দেয়া সম্ভব না হলে আংশিকভাবে দেয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

এনবিআরের চিঠিতে আরো বলা হয়, জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের বিষয়ে ২৩ জানুয়ারি অংশীজনদের নিয়ে সচেতনতামূলক অনলাইন সভা করা হবে। এরপরই জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপনে মাঠপর্যায়ে কাজ করবে।