দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশ’ শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্টে সরকারি ও বেসরকারি ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব এই টুর্নামেন্ট আয়োজন করেছে এবং ইলেক্ট্রোলাইট ড্রিংকস ব্র্যান্ড এসএমসিস প্লাসের পৃষ্ঠপোষকতা পাচ্ছে।
টুর্নামেন্টে মোট ছয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হলো— ছেলেদের একক, ছেলেদের দ্বৈত, মেয়েদের একক, মেয়েদের দ্বৈত, মিশ্র দ্বৈত এবং শিক্ষক-প্রশাসনের দ্বৈত।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) খন্দকার শামীম রহমান বলেন, এই টুর্নামেন্ট আমাদের তরুণ প্রজন্মের প্রতিভা তুলে ধরতে সহায়ক হবে। বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে। এ ধরনের আয়োজন তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের ডিরেক্টর ড. মো. মোবারক হাসান খান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্ববিদ্যালয় নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এ ধরনের সুযোগ করে দিচ্ছে। এই টুর্নামেন্ট তারই একটি উদাহরণ।
আগামী ১৯ ডিসেম্বর সকালে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন হবে। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে এসএমসি প্লাসের পণ্য প্রদর্শনীও হবে।
প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসএমসি দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের অন্যতম পণ্য এসএমসি প্লাস একটি জনপ্রিয় ইলেক্ট্রোলাইট ড্রিংকস। —বিজ্ঞপ্তি










