আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এআইইউবি গেমস ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং চ্যাম্পিয়নদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রোববার (২২ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এআইইউবির সাফ মহিলা চ্যাম্পিয়ন এবং ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর রানার-আপ দলকে বিশেষ সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড লামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ খান ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে ১১টি ক্যাটাগরির ৫টি ভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মোট ২ হাজার ৫০০ অংশগ্রহণকারীর মধ্য থেকে ১৬০ জন চ্যাম্পিয়ন ও রানার-আপকে ক্রেস্ট, প্রাইজমানি এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড় এবং এআইইউবির শিক্ষার্থী কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারকে বাংলাদেশ মহিলা ফুটবলে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ এআইইউবি দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করায় দলটিকে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি