রাজধানীসহ দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে তা পুনরায় চালু হলেও সীমিত পরিসরে চলছে। এ অবস্থায় আমদানি-রফতানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট ও শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি মাহবুবুল আলম পোর্ট ও শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের পাশাপাশি বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হাওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এ চার্জ আরোপ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি হয় সংঘাতময় পরিস্থিতি। এ কারণে গত পাঁচদিন ধরে বিভিন্ন বন্দরে আমদানি-রফতানি ও ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্লিয়ারিংয়ের কাজ চলছে। ইন্টারনেট সেবা চালু হওয়ায় গতকাল রাত থেকে বন্দরের কার্যক্রম কিছুটা স্বাভাবিক হয়ে আসছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।