দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব পোশাক শিল্পকারখানা আজ বন্ধ রাখার জন্য কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। গতকাল সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
বিজিএমইএর বার্তায় বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব পোশাক শিল্পকারখানা আগামীকাল (মঙ্গলবার) বন্ধ রাখার জন্য মালিক-ভাইবোনদের অনুরোধ করা হলো। পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির জেরে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। এর পরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত রোববার দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিজিএমইএ। পাশাপাশি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করে।










