শিল্প-কারখানায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

সম্প্রতি সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী কিছু স্বার্থান্বেষী মহল শিল্প-কারখানাসহ দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটতরাজ করছে, যার মাধ্যমে তারা প্রকারান্তরে দেশের সম্পদ বিনষ্ট করছে। দেশপ্রেমিক সেনাবাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে নিরলস কাজ করছে।

এতে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার সুবিধার্থে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বিটিএমএ সদস্য মিলগুলোর স্বার্থে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সার্বিক বিষয়ে সদস্য মিলগুলোকে সহায়তা করার লক্ষ্যে বিটিএমএ একটি মনিটরিং সেল গঠন করেছে। সংগঠনের কোনো সদস্য মিল যদি আইন-শৃঙ্খলাজনিত কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে বিটিএমএ সচিবালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।