লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের। আগামীকাল পুনরায় স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে কোম্পানিটির। এর আগে গত রবি ও সোমবার কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছে কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেনি। এর আগে ঘোষিত ১ হাজার ৫৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশই কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৭ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ৭৪ দশমিক ১২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ২ পয়সা, আগের বছরে যা ছিল ৫৮ টাকা ৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৭১ টাকা ২৭ পয়সায়।
এদিকে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) লিন্ডে বাংলাদেশের আয় ও মুনাফা বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৫৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫১ কোটি টাকা। অন্যদিকে আলোচ্য হিসাব বছরের প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭ কোটি টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭৭ টাকা ৬৬ পয়সায়।
২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ টাকা ৫৫ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২৮ শতাংশ।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৯১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০। এর মধ্যে ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৬ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল লিন্ডে বাংলাদেশের শেয়ার সর্বশেষ ১ হাজার ২১৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৮৮০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে ওঠানামা করেছে।










