রাজশাহী কলেজে শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যারিয়ার সচেতনতা বাড়াতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ থিমে একটি সেমিনার আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ‘এনগেইজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করেছে রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ বিজনেস ক্লাব (আরসিবিসি)। এতে কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ব্যাংকিং ও ক্যারিয়ার বিষয়ে মতামত তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে প্রশাসনিকভাবে আইসিটি কোর্স, ইংরেজি ভাষা শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম চালু আছে। এ ক্ষেত্রে প্রাইম ব্যাংকের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলে তিনি মত দেন।

সেমিনারে প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের আর্থিক জ্ঞান থাকা জরুরি। ভবিষ্যৎ গঠনে সেভিংসের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

প্রাইম ব্যাংক পিএলসির হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, দেশের প্রায় তিন কোটি মানুষ এখনো ব্যাংকিং সুবিধার বাইরে, প্রায় ৭২ শতাংশ মানুষ আর্থিক সাক্ষরতায় পিছিয়ে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী রয়েছে প্রায় ৪৭ লাখ। তাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগ জরুরি। তিনি বাংলাদেশে প্রায় ৪ কোটি ৬০ লাখ তরুণের আর্থিক সচেতনতা ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে প্রাইম ব্যাংকের ভাবনা ও পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় তিনি প্রাইম ব্যাংকের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সেবা প্রাইমএকাডেমিয়ার সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি মো. নাজমুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবটির আইটি সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন ও আরসিবিসির প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. গোলাম রাব্বানী।

সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রাইম ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী শাখা ব্যবস্থাপক মো. সাইদ ইমামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

—বিজ্ঞপ্তি