এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল বেড়েছে ২৪৫ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮১ কোটি টাকা। ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ৪৮৭ কোটি টাকায়, ২০২৫ হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩৯ কোটি টাকা।

২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেল্টা লাইফ। ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের একই হারে লভ্যাংশ দেয় ডেল্টা লাইফ। কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ডেল্টা লাইফ সমাপ্ত ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর ৪৮ দশমিক ৮৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৬১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।