ফ্লাইট কেবিন পরিষ্কারে নতুন প্রযুক্তির সাহায্য নিতে যাচ্ছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস। এর অংশ হিসেবে ক্লিনিং রোবট নিয়ে পরীক্ষা শুরু করেছে বিশ্বের অন্যতম এভিয়েশন পরিষেবাদাতা সংস্থাটি। বিশেষায়িত এ রোবট তৈরিতে দুবাইভিত্তিক রোবোটিকস কোম্পানি হাইভবোটিকসের সঙ্গে অংশীদারত্বে কাজ করছে এমিরেটস। মূলত প্রচলিত ধাঁচের রোবটকে চাহিদা অনুযায়ী পাল্টে নিয়েছে প্রতিষ্ঠান দুটি। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নকশায় আরো পরিবর্তন আসতে পারে। সম্প্রতি বার্ষিক এভিয়েশন প্রযুক্তি প্রদর্শনী ফোরসাটেকে রোবটটির প্রোটোটাইপ উন্মোচন করেছে এমিরেটস। স্বয়ংক্রিয়ভাবে পরিচ্ছন্নতার কাজে রোবটটি হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়। এ বিষয়ে হাইভবোটিকসের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা ঋষভ পাটোয়ারী বলেন, ‘আমাদের প্রাথমিক রোবটটি ছিল স্বয়ংক্রিয় টয়লেট ক্লিনিং রোবট। তবে এমিরেটস ফ্লাইট কেবিন পরিষ্কার করার জন্য যন্ত্রটিকে নতুনভাবে নকশা করতে চেয়েছিল। ফ্লাইটের কেবিন পরিষ্কারে রোবটের সাহায্য নিয়ে উড়োজাহাজের কর্মীদের কাজকে আমরা আরো সহজ করতে চাই। আমাদের রোবট মোট কাজের ৮০ শতাংশ করবে এবং কর্মীরা পরিদর্শনের মাধ্যমে বাকি কাজ সম্পন্ন করবেন।’ প্রযুক্তিটি সফল হলে এমিরেটসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা অন্য বিভাগে স্থানান্তর হবেন। এদিকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণে জিগস্পেস ও সেন্সগ্লোভের সঙ্গে অংশীদারত্ব করেছে এমিরেটস এয়ারলাইনস। এভিয়েশন শিল্পের বিশ্লেষকরা পূর্বাভাস করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ভার্চুয়াল রিয়েলিটির অগ্রগতি আগামী দিনে এয়ারলাইনসের পরিষেবা উন্নত করবে। এর সঙ্গে ব্যয় কমিয়ে আনতেও অবদান রাখবে। খবর দ্য ন্যাশনাল নিউজ ও ছবি এমিরেটস