চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। গত রোববার তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি বিএন ফ্লিটের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ডিসটিংশনসহ উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেয়ার পর ১৯৯০ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন অপারেশনাল অ্যাসাইনমেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘ ও বহুমুখী কর্মজীবনে এসএম মনিরুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রতিষ্ঠান ও নৌ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ণাঢ্য ক্যারিয়ারে রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান দেশে-বিদেশে বেশকিছু প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি