রাজধানীর খিলগাঁওয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশের উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করে এ ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে ঢাকার ৭৫ নম্বর ওয়ার্ড এলাকায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল আমিন মোল্লা।

WhatsApp Image 2025-05-03 at 17.41.07_f9fb2380

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, বাংলাদেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অনেকগুলোর অবস্থা সন্তোষজনক নয়। কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি, সোনারগাঁও ইউনিভার্সিটি এখনো একটি ভালো অবস্থানে রয়েছে। ৫০টির মতো বিশ্ববিদ্যালয় নানা সমস্যার মধ্যে ধাক্কিয়ে ধাক্কিয়ে চলছে, কিন্তু সোনারগাঁও ইউনিভার্সিটি সে অবস্থানে নেই।

বক্তারা বলেন, একটি স্থায়ী ক্যাম্পাস মানে শুধু একটি ভবন নয়। এটি একটি স্বপ্নপূরণের স্থান। এখানে শিক্ষার্থীরা কেবল ডিগ্রিই অর্জন করে না। বরং নৈতিকতা, নেতৃত্ব, গবেষণা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে ভবিষ্যৎ জাতি গঠনে অবদান রাখতে পারে।

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এরই মধ্যে নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুচারু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। —বিজ্ঞপ্তি