রূপালী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। গত মঙ্গলবার উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নজরুল হুদা, সাবেক ডেপুটি গভর্নরকে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদানের নিমিত্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নজরুল হুদা দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবেও ছিলেন তিনি। ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রেষণে কাজ করেছেন। মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। —বিজ্ঞপ্তি