সাউথইস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আধুনিক কর্মক্ষেত্রে প্রস্তুত করতে ‘সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি লস’ শীর্ষক একটি কর্মশালা আয়োজিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষাব্যবস্থাকে সাপ্লাই চেইন মডেল হিসেবে দেখার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মশালায় মূল বক্তা ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামস রহমান। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
ড. শামস রহমান তার বক্তব্যে শিক্ষাব্যবস্থাকে একটি সাপ্লাই চেইন মডেল হিসেবে দেখার ওপর জোর দেন। তিনি বলেন, পাঠ্যক্রম তৈরি থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন পর্যন্ত প্রতিটি ধাপে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করলে তা শিক্ষার্থীদের জন্য আরো কার্যকর ও কর্মসংস্থানমুখী হতে পারে। তিনি উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো দক্ষতার সঙ্গে 'চাকরির জন্য প্রস্তুত' জনশক্তি সরবরাহ করতে সক্ষম হবে।
অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি ও কোর্সগুলো ঢেলে সাজানো জরুরি। তিনি শিক্ষকদের নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের আচার-আচরণের মাধ্যমেই মূল্যবান শিক্ষা লাভ করে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










