চুক্তিতে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএর চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। এ সমঝোতা স্মারকের আওতায় উভয় সংগঠন সিকিউরিটিজ মার্কেট উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্থিক বিনিয়োগ ব্যবসা ও পুঁজিবাজার-সম্পর্কিত আইন ও বিধিবিধান বিনিময়, স্বনিয়ন্ত্রক সংস্থার শাসন ব্যবস্থা, নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া ও কার্যক্রম পরিচালন পদ্ধতির উন্নয়ন, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম শক্তিশালী করা, দক্ষ ও কার্যকর আর্থিক লেনদেন পদ্ধতির উন্নয়ন, নতুন বিনিয়োগ উপকরণ ও সেবা উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজন অনুযায়ী উভয় সংগঠন পরামর্শ ও সহযোগিতা করবে।

চুক্তির বিষয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘এ সমঝোতা স্মারক বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএর মতো অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত একটি স্বনিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ আমাদের বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা আমাদের পুঁজিবাজারকে আরো আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।’ তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তির ফলে বাংলাদেশের পুঁজিবাজার আরো সুসংগঠিত, গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে, যার সুফল বাজারসংশ্লিষ্ট সব অংশীজন ভোগ করবেন। —বিজ্ঞপ্তি