স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব মার্কেট অ্যান্ড করপোরেট সেলস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবাহ সালেহীন আজিম।

সাবাহ ২০১৭ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেন এবং ক্লায়েন্ট ফেসিং ও ফাইন্যান্সিয়াল খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ হেড অব করপোরেট সেলস – গ্লোবাল সাবসিডিয়ারিজ ফর বাংলাদেশ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গুরুত্বপূর্ণ এ পদে করিডোর ক্লায়েন্ট স্ট্র্যাটেজি, স্ট্রাকচার্ড প্রোডাক্ট সলিউশন ও টেকসই ব্যবসা সম্পর্কিত উদ্যোগ পরিচালনায় কার্যকর ভূমিকা রেখেছেন সাবাহ। দেশে ও বিদেশে ব্যাংকিং খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতায় তিনি ফাইন্যান্সিয়াল মার্কেটস ও করপোরেট ফাইন্যান্সে অসাধারণ দক্ষতা অর্জন করেছেন।

পেশাগত সাফল্যের পাশাপাশি সাবাহ নারী নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির একজন অন্যতম প্রবক্তা। উইমেনস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চেয়ার হিসেবে তিনি সহকর্মীদের অনুপ্রাণিত করেছেন এবং কর্মস্থলে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘আমরা আনন্দিত যে সাবাহ সালেহীন আজিম স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব মার্কেটস অ্যান্ড করপোরেট সেলস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসাধারণ নেতৃত্বগুণ ও বাজার বিশ্লেষণের দক্ষতা প্রমাণ করেছেন। উদ্ভাবনী সমাধান তৈরিতে তার দক্ষতা এবং কর্মীদের ক্ষমতায়নে তার প্রতিশ্রুতি আমাদের ব্যাংকের উন্নয়নকে আরো এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি। তার নেতৃত্বে আমরা আমাদের ক্লায়েন্ট পার্টনারশিপকে আরো দৃঢ় করতে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব।‘

বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১২০ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়ানো, সেবার পরিধি সম্প্রসারণ এবং নতুন সুযোগ তৈরি করার মাধ্যমে ব্যাংকটি দেশের অগ্রগতিতে অবদান রেখে চলেছে।