বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিএইউএফটি) মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ অধ্যক্ষদের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিলে ঢাকা ও আশপাশের ২১টি কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা দেশের শিক্ষা মানোন্নয়ন ও একাডেমিক উৎকর্ষে গঠনমূলক আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
উপাচার্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে উদ্ভাবনী নেতৃত্ব, পাঠ্যক্রম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, এসব উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে।
গোলটেবিলে অংশ নেয়া অধ্যক্ষরা তাদের অভিজ্ঞতা ও শিক্ষার মানোন্নয়নে নেয়া পদক্ষেপ তুলে ধরেন। আলোচনায় উঠে আসে আধুনিক শিক্ষণ-পদ্ধতির ব্যবহার, শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহপাঠ্য কার্যক্রমের ভূমিকা। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইউএফটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান অর্থ কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান, ভর্তি বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। তারা সবাই দেশের মানসম্মত শিক্ষা অগ্রগতিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিএইউএফটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিম ও শিক্ষার্থীরা।
—বিজ্ঞপ্তি










