ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকটি।
মঙ্গলবার (২৬ আগস্ট) ফরিদপুরের মধুখালী উপজেলায় এক অনুষ্ঠানে কৃষকদের হাতে ঋণ তুলে দেয়া হয়। এ সময় প্রায় দেড় শতাধিক কৃষক অংশ নেন। অনুষ্ঠানে সময়মতো ঋণ পরিশোধের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় আটজন কৃষককে সম্মাননা ক্রেস্ট দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক টি এম ফরহাদ রেজা জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুব ইলাহী, প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কৃষি ব্যবসা বিভাগের প্রধান শাহানা পারভীন, ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড তরিকুল হাসান, মধুখালী শাখার ম্যানেজারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী অনুষ্ঠানে বলেন, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রাইম ব্যাংক সবসময় কাজ করে যাচ্ছে। বর্তমানে ব্যাংকটি খাদ্যশস্য উৎপাদনের জন্য ‘আবাদ’, খামার ব্যবস্থাপনার জন্য ‘খামার’ এবং কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ‘নবান্ন’ নামে বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্যও ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
—বিজ্ঞপ্তি










