হংকংয়ে গত ২২-৩১ জুলাই অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড ২০২৪’-এ বাংলাদেশ দলের কাজী রাফসান মাহবুব ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। গত ছয় বছর আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড দলকে সম্মানজনক স্মারক দেয়া হয়। সম্প্রতি বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড এ তথ্য জানিয়েছে। হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিল, ব্যুরো অব এডুকেশন, বিশ্ববিদ্যালয় এবং বিদেশী মিশনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড জানিয়েছে, কাজী রাফসান মাহবুবের সাফল্য বাংলাদেশ দলের কঠোর প্রশিক্ষণ ও প্রস্তুতির প্রমাণ। বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল আমিন পারভেজ এবং হেড অব অর্গানাইজিং আশিকুর রহমানের নেতৃত্বে দলটি আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অর্থনীতি, ফাইন্যান্সিয়াল, ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান বিষয়ে ৫৩টি দেশ এবং অঞ্চলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশ দলের সানিডেল স্কুলের জাহিয়া জাকারিয়া, জন উইলসন স্কুলের কাজী রাফসান মাহবুব, আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের দীপ্যমান দাশ, মাস্টারমাইন্ড স্কুলের সৌহার্দ্য সোপান সিংহ, সেফালন ইন্টারন্যাশনাল স্কুলের খন্দকার সাহাফ বিন আসিফ এবং মোহাম্মদ রিদওয়ান নুবায়ের আদিব পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।

এখন পর্যন্ত বাংলাদেশ দল আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড এবং বিশ্ব অর্থনীতি কাপের নয়টি আসরের প্রতিযোগিতা থেকে ৩৫টি পদক অর্জন করেছে। বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বাংলাদেশ দলকে অভিনন্দন জানান এবং সারা দেশে অর্থনৈতিক শিক্ষা ও আর্থিক সাক্ষরতা প্রসারে অলিম্পিয়াডের একটি গুরুত্বপূর্ণ অবদানের কথা ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয় দলের টাইটেল স্পন্সর ছিল ব্যাংক এশিয়া, গোল্ড স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ব্রোঞ্জ স্পন্সর ছিল ব্র্যাক ব্যাংক ও বার্জার পেইন্টস বাংলাদেশ। এছাড়া জাতীয় পর্যায়ের প্রোগ্রামে ইসলামী ব্যাংকেরও সমর্থন ছিল। —বিজ্ঞপ্তি