সামাজিক ব্যবসায় বৈশ্বিক নেতৃত্ব পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
২৮ ও ২৯ আগস্ট ব্যাংককে ‘গ্লোবাল লিডারশিপ ইন সোশ্যাল বিজনেস ইনোভেশন: সাসটেইনেবিলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিসার্চ ইনস্টিটিউটের অধীনে নবগঠিত ইউনূস সেন্টারের উদ্বোধন করা হয়।
মূল প্রবন্ধে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সামাজিক ব্যবসায় বৈশ্বিক নেতৃত্বের সংজ্ঞা নির্ধারণ, টেকসই উন্নয়নকে কেন্দ্রীয় অঙ্গীকার হিসেবে গ্রহণ, উদ্যোগ ও উদ্যোক্তার ভূমিকা এবং ফাইন্যান্স ও ফিনটেকের গুরুত্ব ও স্থিতিশীল সামাজিক ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
তিনি বলেন, সামাজিক ব্যবসা হলো মুনাফা ও উদ্দেশ্যের সেতুবন্ধন। এটি দান নয়, আবার প্রচলিত পুঁজিবাদও নয়। বরং এটি এক বৈপ্লবিক ধারণা, যা মানবসমস্যার সমাধান করে আর্থিকভাবে টেকসই থাকে। শেয়ারহোল্ডারের সম্পদ বাড়ানো নয়, মানুষের প্রয়োজন পূরণই সামাজিক ব্যবসার মূল লক্ষ্য।
থাইল্যান্ড সফরে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ২৭ আগস্ট এনএসইউর পক্ষ থেকে অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। এ সময় তিনি একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন। একই দিনে তিনি চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের সাসিন বিজনেস স্কুলের সঙ্গেও এনএসইউয়ের হয়ে একটি এমওইউ স্বাক্ষর করেন। পরদিন ২৮ আগস্ট তিনি এনএসইউ ও চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরেকটি এমওইউ স্বাক্ষর করেন।
—বিজ্ঞপ্তি










