রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘চলো হাঁটি: লেটস ওয়াক-ওয়াকাথন ২০২৫’। এ উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) রবীন্দ্র সরোবর থেকে হাঁটা শুরু করে জিগাতলা-শংকর-ধানমিন্ড ২৭ হয়ে আবার রবীন্দ্র সরোবরে এসে ওয়াকাথন শেষ হয়। স্বাস্থ্য সচেতনতা ও সক্রিয় জীবনের বার্তা নিয়ে এই ওয়াকাথনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক পলিসি রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান এবং ইউএইচসি ফোরামের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।

পরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ৩ শতাধিক মানুষের সঙ্গে ৫ কিলোমিটার পথ হাঁটেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। হাঁটা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও মেডেল বিতরণ করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।

অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, হাঁটাহাঁটি শুধু শারীরিক সুস্থতার নয় বরং মানসিক প্রশান্তিরও চাবিকাঠি।

সমাজে সুস্থ, সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন বলেন, হাঁটাহাঁটির এই সামাজিক আন্দোলনে অসংক্রামক রোগবালাই প্রতিরোধে, সর্বসাধারণের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ সমাজ ও দেশ গড়তে আমার সক্রিয় সমর্থন সবসময়ই থাকবে।

চলো হাঁটি ওয়াকাথনের আয়োজক ‘লেটস ওয়াক’ এর ফাউন্ডার ও চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন জানান, ঢাকা শহরে চারটি অঞ্চলে ওয়াকাথন আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে লেটস ওয়াকের পক্ষ থেকে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে ওয়াকাথন।

‘লেটস ওয়াক’ এর কো–ফাউন্ডার সাবরিনা নওরিন লিমু জানান, হাঁটাহাঁটির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শারীরিক–মানসিক সুস্থতার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এই আয়োজন।