‘সুরের ধারা’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনসহ ছয়টি প্রতিষ্ঠানের আয়করমুক্ত সুবিধা বাতিল করেছে সরকার। এর মধ্যে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইও রয়েছে। এসব প্রতিষ্ঠান ১০ থেকে ৫ বছর ধরে তাদের সব ধরনের আয়ের ওপর করমুক্ত সুবিধা পেয়ে আসছিল। এখন থেকে তাদেরকে আয়কর দিতে হবে।

সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের সই করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। ৩ ডিসেম্বর জারি করা (এসআরও-৪০১) প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে করমুক্ত সুবিধা পাওয়া ৬টি ফাউন্ডেশনের এ সুবিধা বাতিল করা করা হয়।

২০১৩ সালের ৩০ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে ‘সুরের ধারা’ প্রতিষ্ঠানের ‘উন্নয়নের জন্য সংগীত’ শীর্ষক সামাজিক ও সংগীত উন্নয়নমূলক কর্মকাণ্ডের আওতায় সংগীত নাট্যকলা, আবৃত্তি, নৃত্য ও ছড়াগান বিষয়ে প্রশিক্ষণ থেকে টিউশন ফি বাবদ আয়কে আয়কর অব্যাহতি দেয়া হয়।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের সব ধরনের আয় ও ব্যাংক আমানতের সুদ থেকে আয়কে দেয়া দশ বছরের কর অব্যাহতি বাতিল করা হয়েছে। ২০১৯ সালের ১৮ ডিসেম্বরের এক প্রজ্ঞাপনে এ অব্যাহিত দেয়া হয়েছিল। শর্ত ছিল কর অব্যাহতি প্রাপ্ত আয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

২০১৮ সালের ১৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর স্থায়ী বা সঞ্চয়ী আমানতের উপর অর্জিত সুদ-আয়কে আয়কর অব্যাহতি দেয়া হয়। শর্ত ছিল কর অব্যাহতি প্রাপ্ত আয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুকূলে প্রাপ্ত দান, অনুদান, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ এবং কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উৎসের সব ধরনের আয়কে আয়কর অব্যাহিত দেয়া হয়।

২০১৯ সালের ১৯ মার্চের এক প্রজ্ঞাপনে ২০২৯ সালের ১ জানুয়ারি থেকে সিআরআইকে এ সুবিধা দেয়া হয়। ২০১৮ সালের ১২ এপ্রিলের এক প্রজ্ঞাপনে ওয়াদুদ ভূইয়া স্কলারশিপ ট্রাস্ট এর স্থায়ী বা সঞ্চয়ী আমানত থেকে অর্জিত সুদকে আয়কর অব্যাহতি দেয়া হয়। শর্ত ছিল নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

২০১৬ সালের ২১ জানুয়ারির এক প্রজ্ঞাপনে ললিত মোহন-ধনবতী মেমোরিয়্যাল ফাউন্ডেশনকে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিলের শর্তে আয়কর অব্যাহতি দেয়া হয়। এর মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের আয় ১০ বছরের জন্য করমুক্ত করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে কোনো মেয়াদ উল্লেখ করা ছিল না।