তার পেছনে শপিং ব্যাগগুলো বয়ে নিয়ে যাচ্ছে অন্য একজন মানুষ। রাইড শেয়ারিংয়ের মতোই গাড়ি বা বাইক নয়, শহরটিতে ভাড়ায় মিলছে শপিং ব্যাগ বহন করার জন্য বিশেষ কর্মী। ভারতের রাজধানী দিল্লিতে এখন ঠিক এমন একটি সেবাই দিচ্ছে এক নতুন স্টার্টআপ। চলতি বছরের এপ্রিলে দিল্লির লাজপত নগর বাজারে চালু হয়েছে ‘ক্যারিম্যান’ নামের এ ব্যতিক্রমী সেবা, তবে এ নিয়ে বিতর্কও চলছে নানা মহলে। খবর বিবিসি।
ক্যারিম্যানের ওয়েবসাইট থেকে জানা যায়, ৭৯ রুপির (বাংলাদেশী মুদ্রায় ১০০ টাকার বেশি) বিনিময়ে ৩০ মিনিটের জন্য একজন সহকারী ভাড়া করা যাচ্ছে। পুরো ১ ঘণ্টার জন্য খরচ পড়বে ১৪৯ রুপি। সহকারী হিসেবে পুরুষ ও নারী উভয় কর্মীই রয়েছেন। সেবাটি চালুর পর ক্রেতাদের থেকে বেশ ভালো সাড়াও মিলছে বলে জানান পরিষেবাটির উদ্যোক্তা ঋতু কান্দারি শ্রীবাস্তব ও কনিষ্কা মালহোত্রা।
ভারতের অধিকাংশ ঐতিহ্যবাহী বাজার বা খোলা বাজারগুলো আধুনিক শপিং মলের মতো নয়। সেখানে কোনো এসি নেই, সমতল মেঝে নেই কিংবা এসকেলেটর বা চলন্ত সিঁড়িও নেই। ফুটপাথগুলো ভাঙাচোরা, অসমান ও হকারদের দখলে থাকে। ফলে সেখানে প্র্যাম চালানো বা সাধারণ মানুষের হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই ঋতু ও কনিষ্কা তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে ‘ক্যারিম্যান’ গড়ে তোলেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সেবার খবর ভাইরাল হলে নেটিজেনদের মতামত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। অনেকেই উদ্যোগটির প্রশংসা করেন। তবে সমালোচকরা একে ভারতের মধ্যবিত্ত ও উচ্চবিত্তের ‘অহংকার’ ও ‘অলসতা’ হিসেবে দেখছেন।
অনেকেই এসব কর্মীকে আধুনিক যুগের ‘কুলি’ বা এক ধরনের দাসত্ব হিসেবে আখ্যা দিয়েছেন।










