শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসের শুরুতেই প্রভাত ফেরির আয়োজন করা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা আন্দোলনের বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো ভাষা অধিকারের গুরুত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের সংরক্ষণ নিয়ে বক্তব্য দেন। কোষাধ্যক্ষ ড. মিলন কুমার ভট্টাচার্য বাংলা ভাষার ঐতিহ্য ও সমৃদ্ধি নিয়ে আলোচনা করেন। এছাড়া ইংরেজি ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক কায়সার হক ভাষা আন্দোলনের তাৎপর্য ও একুশের চেতনার উপর গুরুত্বারোপ করেন।
ইউল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষাগত বৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা শহীদদের অবদানকে সম্মান জানানোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভাষা আন্দোলনের চেতনা লালন করে একাডেমিক পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবে বলে আশ্বাস দেয়া হয়। —বিজ্ঞপ্তি










