পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড দেড় হাজার কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। রোববার কোম্পানিটির পর্ষদ ‘বেক্সিমকো প্রথম জিরো কুপন বন্ড’ নামে এ বন্ডের অনুমোদন করে। কোম্পানিটির বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধ ও শ্রীপুরে একটি আবাসন প্রকল্পে বিনিয়োগে বন্ডটি ব্যবহার করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, বেক্সিমকো প্রথম জিরো কুপন বন্ডটি সিকিউরড, অবসায়ন অরূপান্তরযোগ্য ও লেনদেন অযোগ্য। বন্ডটির বার্ষিক ডিসকাউন্ট হার ১৫ শতাংশ। কোম্পানিটির পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, বন্ডটি থেকে সংগৃহীত অর্থ বিদ্যমান ঋণ পরিশোধ ও শ্রীপুর টাউনশিপ কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগের ‘মায়ানগর’ প্রকল্পে বিনিয়োগ করা হবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।

ডিএসইর তথ্য অনুসারে, মায়ানগর প্রকল্পটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে প্রায় ১০০ একর জায়গায় নির্মাণ হবে। সেখানে ১৮ হাজার অ্যাপার্টমেন্টের একটি সুরক্ষিত আবাসন প্রকল্প তৈরি করা হবে। আবসন প্রকল্পটিতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিনোদন, খেলাধুলা, বিনোদনসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা থাকবে। অন্যদিকে প্রকল্পে প্রায় ৫০ লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেসে সার্ভিসড অ্যাপার্টমেন্ট, হোটেল, অফিস, কনভেনশন সেন্টার ও শপিংমল হবে। বর্তমানে মায়ানগর প্রকল্পের মোট জমির ৭৫ শতাংশ বেক্সিমকো লিমিটেড ও ২৫ শতাংশ শ্রীপুর টাউনশিপ লিমিটেডের মালিকানাধীন রয়েছে। সে অনুযায়ী মুনাফা ভাগাভাগি হবে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ১ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭০৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৫৪ কোটি টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৪ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৯১ টাকা ১৯ পয়সায়।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ৯৩ টাকা ৯৮ পয়সায়। 

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৯৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ হাজার ৩৮৫ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৮২ লাখ ৮৭ হাজার ৬৪১। এর মধ্যে ৩৩ দশমিক ১১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩২ দশমিক ৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৯৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৩ দশমিক ২৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গতকাল বেক্সিমকো লিমিটেডের শেয়ার সর্বশেষ ১১৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটি একই দরে স্থির ছিল।