পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার নিয়োগের মধ্য দিয়ে বিএসইসি পূর্ণাঙ্গতা পেল।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারিত হবে।
ফারজানা লালারুখ গত ফেব্রুয়ারিতে ইনোভেটিভ প্র্যাক্টিশনার্স অ্যান্ড থিংকার্স লিমিটেডের চেয়ারপারসন হিসেবে যোগ দেন। তিনি ১৯৯৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে শিক্ষকতা করেছেন। গত জুলাইয়ে তিনি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম পদত্যাগ করেন। এরপর ১৮ আগস্ট সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর এবং গতকাল ফারজানা লালারুখকে সংস্থাটির কমিশনার পদে নিয়োগ দেয়া হয়।










