দেশের বিভিন্ন অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। এই শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

বুধবার (২৭ আগস্ট) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২০০ জন ছাত্র ও ২০০ জন ছাত্রী রয়েছেন। তাদের দুই বছরের কোর্স শেষ করার জন্য মোট ২ কোটি ২০ লাখ টাকা দেয়া হবে।

অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থী সরাসরি উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন। বাকি ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ।

ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক ২০০৬ সাল থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। ভবিষ্যতে মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে ব্যাংকের সাহায্য অব্যাহত থাকবে। এ সময় তিনি সবাইকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান ও শিক্ষার্থীদের সৎকর্মের মাধ্যমে জীবন গড়ে তোলার পরামর্শ দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, এই বৃত্তি প্রদান শুধুমাত্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা নয়। বরং তাদের অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। আমরা চাই, ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশোনা করে নিজেদের, পরিবারের, সমাজের ও দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।

—বিজ্ঞপ্তি