বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতিনিধিদল ইউএই সফরে যাচ্ছে। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইউএই সফর করবে।
সফরকালে প্রতিনিধিদলটি আবুধাবি চেম্বার, দুবাই চেম্বার ও শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ও ব্যবসায়িক সভা (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে বাংলাদেশী উদ্যোক্তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন।
বর্তমানে ১৭ শতাংশ প্রবাসী বাংলাদেশী ইউএইতে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। বহির্বিশ্বে বাংলাদেশীদের কর্মক্ষেত্র বিবেচনায় এটি দ্বিতীয় বৃহত্তম স্থান। ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও ইউএইর মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর এ বাণিজ্য ক্রমাগত বাড়ছে।
প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, আর্থিক প্রণোদনা, বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ, কর ছাড়, ১০০ শতাংশ বিদেশী মালিকানা, বন্ডেড গুদাম সুবিধা, মেধাস্বত্ব সুরক্ষা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং দ্বৈত কর পরিহার চুক্তি বাংলাদেশকে ইউএইর বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।
দুবাইয়ের ভৌগোলিক কৌশলগত অবস্থান মধ্যপ্রাচ্যের হালাল পণ্যের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের একটি মূল প্রবেশদ্বার হতে পারে। এছাড়াও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য ইউএই এলএনজি আমদানির একটি সম্ভাবনাময় উৎস হতে পারে। ডিসিসিআইয়ের প্রতিনিধিদল ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে।










