ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ১৫তম ফেয়ার প্লে কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট জমকালো ফাইনালের মাধ্যমে শেষ হয়েছে। সম্প্রতি ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইউল্যাব শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিকে (আইএসইউ) ৮১ রানে পরাজিত করে শিরোপা জয় করে।
ফাইনাল ম্যাচ দেখতে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ইউল্যাব ও আইএসইউ উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউল্যাবের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, যোগাযোগ বিভাগের প্রধান ও উপপরিচালক আসিফুর রহমান খান ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ম্যানেজার মো. তৌফিক আজিজ।
অন্যদিকে আইএসইউয়ের পক্ষে ছিলেন ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কাউশিক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এছাড়া ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য অন্য খেলোয়াড়দেরও সম্মাননা প্রদান করা হয়।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তারুণ্য, নেতৃত্ব ও নৈতিক প্রতিযোগিতার বিকাশে ইউল্যাব প্রতিশ্রুতিবদ্ধ।
—বিজ্ঞপ্তি










