বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে গতকাল অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতায় মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ আয়োজনে দেশের সুষম উন্নয়ন এবং কার্যকর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একাধিক প্রস্তাবও তুলে ধরেন ড. ফরাসউদ্দিন। ইডব্লিউইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বক্তৃতায় অধ্যাপক ড. ফরাসউদ্দিন বলেন, ‘সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়; বরং উচ্চকক্ষে বরাদ্দ দেয়া যেতে পারে।’ সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা এবং অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ দেয়া উচিত বলেও তিনি মনে করেন। একসঙ্গে আইন প্রণেতা হিসেবে সংসদ সদস্যদের স্থানীয় প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেন।

আর্থিক শৃঙ্খলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক করা উচিত বলে মন্তব্য করেন এ অর্থনীতিবিদ। এ সময় তিনি সব সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার আহ্বানও জানান। এছাড়া প্রশাসনিক সংস্কারের জন্য একটি দক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ড. ফরাসউদ্দিন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইডব্লিউইউর উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াত নেহরীন খানের স্বজনরা উপস্থিত ছিলেন।