অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে দেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রাপ্তি এবং সারা বিশ্বে নিট পোশাকের বাজার সম্প্রসারণে তার পরিচিতি ও কৌশলগত ব্যবস্থাপনা কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিকেএমইএর বিবৃতিতে বলা হয়েছে, গত এক মাস যে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশ অতিক্রম করেছে, তার ক্ষতিকর প্রভাব দেশের প্রধান রফতানি খাত নিট শিল্পেও পড়েছে। পরিসংখ্যান দিয়ে এ ক্ষতি পরিমাপ করা যাবে না। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক শাস্ত্রের অনুসন্ধিৎসু ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টা এ শিল্পের বিকাশের বাধাগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এমনকি পোশাক খাতের উন্নয়নে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন, সেখানেও ড. মুহাম্মদ ইউনূস তার মেধা ও চিন্তার প্রয়োগ ঘটাবেন বলে মনে করেন মোহাম্মদ হাতেম। ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকায় শুল্কমুক্ত বাজারসুবিধা প্রাপ্তি এবং সারা বিশ্বে নিট পোশাকের বাজার সম্প্রসারণে আপনার আন্তর্জাতিক পরিচিতি ও কৌশলগত ব্যবস্থাপনা আপনি কাজে লাগাবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাতেই আমাদের আস্থা, আপনাতেই আমাদের বিশ্বাস।’
বিবৃতির শুরুতে বিকেএমইএ বলেছে, কোনো সন্দেহ নেই আমাদের প্রিয় বাংলাদেশ এক মাস ধরে যে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করেছে তা বর্ণনাতীত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর বিগত সরকারের অমানবিক জুলুম-নির্যাতন ও প্রাণহানি—সবই দেখেছি আমরা। এরই মধ্য দিয়ে স্বাধীনতার ৫৩ বছর পর ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক দেশ ও নতুন এক সূর্যের অভ্যুদয় ঘটিয়েছে। সে জন্য বিকেএমইএর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষার্থীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ।
সংগঠনটি মনে করে, তরুণ শিক্ষার্থীদের এ অভ্যুদয় নবজাগরণের, অর্থনৈতিক গতিশীলতার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ও রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ সৃষ্টির।
বিকেএমইএর নির্বাহী সভাপতি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞায় দ্রুততম সময়ের মধ্যে এ ক্রান্তিকাল কাটিয়ে উঠে একটি অর্থনৈতিক রোল মডেলের দেশ হিসেবে বিশ্বের দরবারে আবির্ভূত হবে বাংলাদেশ।’
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।










