‘গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন)’ শীর্ষক এ প্রকল্পের আওতায় দেশের হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার সরাসরি উপকৃত হবে। গতকাল ঢাকায় পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করেছে পিকেএসএফ। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের ওপর একটি উপস্থাপনা দেন পিকেএসএফের উপমহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মো. হাবিবুর রহমান। এছাড়া পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা, মো. মশিয়ার রহমান এবং মুহম্মদ হাসান খালেদ পিকেএসএফের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

পিকেএসএফের এমডি মো. ফজলুল কাদের বলেন, ‘গ্রিন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল ফাইন্যান্সিং, এগ্রো-ইকোলজিক্যাল কৃষি, কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ, সৌরশক্তির ব্যবহার এবং সার্কুলার ইকোনমির প্রসারের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।