২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ। একই সঙ্গে রাজীব এইচ চৌধুরী এবং মো. সালিম সোলায়মান যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (১৫ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়।

ডিসিসিআইর নব-নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন— এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডিসিসিআইর নব-নির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী ২০২৩-২০২৪ মেয়াদে ডিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-বাংলাদেশ, ঢাকা দক্ষিণের প্রতিষ্ঠাতা সভাপতি (২০০৫), বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এবং বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবেও সম্পৃক্ত ছিলেন।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সহ-সভাপতি মো. সালিম সোলায়মান ২০২৪ সাল এবং ২০০৬-২০০৮ মেয়াদে ডিসিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) সহ-সভাপতি এবং কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন।