নভোএয়ার সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) জাগো ফাউন্ডেশনের স্কুলের ৩০ জন শিশুকে নিয়ে কক্সবাজারে একটি আনন্দময় ভ্রমণের আয়োজন করে সংস্থাটি। একই দিন কক্সবাজার সমুদ্র সৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করা হয়।

নভোএয়ারের ১২ বছরপূর্তি উদযাপন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়। শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ আয়োজনটি ছিল অত্যন্ত স্মরণীয়। সকালে ঢাকা থেকে ১০টা ২০ মিনিটে ফ্লাইটে শিশুরা কক্সবাজারে পৌঁছে আবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইটে ঢাকায় ফিরে আসে।

কক্সবাজারে শিশুরা সমুদ্র সৈকত ঘুরে বেড়ায়, বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি পরিদর্শন করে এবং নতুন কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখে আনন্দে মেতে ওঠে।

পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা রহমান বলেন, প্লেনে করে সমুদ্র দেখতে আসব, এটা আমি কখনো কল্পনা করিনি। বিমান বাহিনীর উড়োজাহাজ দেখেছি। এই অভিজ্ঞতা আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে। নভোএয়ারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তৃতীয় শ্রেণির ছাত্র হানিফ মিয়া বলেন, মেঘের ওপর দিয়ে প্লেনে উড়ার অভিজ্ঞতা অসাধারণ। কক্সবাজারের রেল স্টেশন আর সমুদ্রের সৌন্দর্য মুগ্ধ করেছে আমাকে। এই ভ্রমণ সত্যিই স্বপ্নের মতো।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন পূরণ করতে পারা আমাদের জন্য আনন্দের। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন উদ্যোগ আমাদের চালিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের গর্ব। পরিবেশ রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করেছি।

প্রসঙ্গত, বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট এবং রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা রুটে ফ্লাইট সাময়িক বন্ধ রয়েছে। শিগগিরই তা পুনরায় চালু করা হবে।