রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাতে দক্ষতা ও উদ্ভাবন বৃদ্ধি করতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), সিস্টেম ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এবং শিন শিন গ্রুপের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার এসআইসিআইপি কার্যালয়ে এ চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইসিআইপির নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, শিন শিন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান।
এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের আরএমজি খাতের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং শিল্প-একাডেমিক গবেষণা কার্যক্রমকে আরো শক্তিশালী করা হবে। এসআইসিআইপি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, শিল্প খাতের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় সহায়তা করতে কাজ করে।
চুক্তির অধীনে বিইউএফটি উন্নত প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে, যেখানে শিক্ষার্থীরা আরএমজি খাতে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। শিন শিন গ্রুপ এসব উদ্যোগ বাস্তবায়নে পেশাদার সেবা প্রদান করবে।
এ ত্রিপক্ষীয় সহযোগিতা বাংলাদেশের আরএমজি খাতকে আরো উদ্ভাবনী, দক্ষ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। —বিজ্ঞপ্তি










