আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে গবেষণা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মশালাটি আয়োজিত হয়।
কর্মশালাটির থিম ছিল ‘প্রযুক্তিগত প্রণোদনার মাধ্যমে সামাজিক উদ্ভাবন: সৌর সেচের প্রসারে একটি কার্যকর আচরণগত কৌশল নির্ধারণ’। এ গবেষণা প্রকল্পটি বর্তমানে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে এবং এতে অংশগ্রহণ করছে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
এই উদ্যোগটি এশিয়ান ডিজাস্টার প্রিপার্ডনেস সেন্টার (এডিপিসি), থাইল্যান্ডের মাধ্যমে বিশ্বব্যাংকের সহযোগিতায় যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পের অংশ হিসেবে এআইইউবি গবেষণার ফলাফল উপস্থাপন ও কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি অনুবিভাগ) ড. মো. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার।
এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, এ কর্মশালা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ডারহাম ইউনিভার্সিটি এবং এডিপিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।
কর্মশালায় এআইইউবিসহ ডারহাম, কার্টিন, রাজশাহী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এর মধ্যে ডারহাম ইউনিভার্সিটির প্রফেসর মাইকেল নায়েফ, কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ছিলেন।
অনুষ্ঠানে গবেষকরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। ক্রেস্ট প্রদান করেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং ড. কারমেন জেড লামাগনা।
অনুষ্ঠানের শেষ অংশে ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান।
কর্মশালায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










